
সৌদি আরবের আরও একটি বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশ বিমান। এ পরিস্থিতিতে দেশটিতে বিমানের ফ্লাইট পরিচালনা ও যাত্রী পরিবহন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিমানবন্দর বন্ধের কারণে নির্ধারিত ফ্লাইটের সময়সূচি পরিবর্তন, বিলম্ব কিংবা যাত্রীদের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলার জেরে নিরাপত্তা উদ্বেগের কারণে জেদ্দা বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
এর ফলে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দা থেকে ঢাকা যাওয়ার কথা থাকা যাত্রীরা আটকা পড়েছেন।
রবিবার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নিরাপত্তা কারণে আমরা ফ্লাইট পরিচালনা করতে পারছি না। ফলে ঢাকা-গামী যাত্রীরা আটকা পড়েছেন। পরিস্থিতির কারণে যাত্রীদের বিমানে ওঠানোর (বোর্ডিং) কার্যক্রমও এখনো শুরু করা সম্ভব হয়নি।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনার বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, যা ঢাকা-গামী যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) জানিয়েছে যে, হুথি হামলার কারণে শনি ও রবিবার সকালের মধ্যে মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সাউদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট অন্তর্ভুক্ত ছিল।
মন্তব্য করুন