
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি খাতে সংকটের কারণ দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “দেশের কোথাও মানুষ নিরাপদ নয়। স্বরাষ্ট্রমন্ত্রী, যার মূল দায়িত্ব আইন-শৃঙ্খলা বজায় রাখা, তিনি এখন সংবিধান সংশোধনী বিষয়ক কমিটি নিয়ে ব্যস্ত। তাই আমরা মনে করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন। একইভাবে, জ্বালানি খাতে চলমান সংকটের দায় জ্বালানিমন্ত্রী এড়াতে পারেন না।”
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ক্ষমতাসীন দল বিএনপির ভূমিকার সমালোচনা করে অভিযোগ করেন, “বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই তারা নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালায়।”
এছাড়া, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন যে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ সহ্য করা হবে না।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, “যদি এমন কোনো পরিকল্পনা থেকে থাকে, তবে বিএনপি তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।”
মন্তব্য করুন