
প্রকৃত অপরাধীদের শাস্তি না হলে সবুজ পাসপোর্টধারীদের দুর্ভোগ কমবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, মার্কিন ভিসা জটিলতার জন্য আমরাই দায়ী। আমরা নিজেরাই এই পর্যায়ে এসে পৌঁছেছি। দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা বিদেশে বসবাসকারী দেড় কোটি মানুষের উপরও চাপিয়ে দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সকল পরিষেবা প্রদান করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, বিদেশে মিশনে সীমাবদ্ধতার কারণে অনেক চেষ্টা করেও পরিষেবা নিশ্চিত করা যাচ্ছে না। বিদেশে মিশনে সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনা চলছে।
জুলাই গণঅভ্যুত্থান দেশ ও জাতির অধিকার আদায়ের পথ প্রশস্ত করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই আন্দোলন অনুপ্রেরণা হবে। তরুণ প্রজন্মের ত্যাগের জন্য বাংলাদেশ বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে।
দেশে নির্বাচনের কারচুপি সম্পর্কে তিনি বলেন, ‘৭৩ সাল থেকে কারচুপি শুরু হয়েছে; মাত্র ৪টি নির্বাচনে এ দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। বাকিগুলোতে তা ঘটেনি।
মন্তব্য করুন