গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও ৪২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশন বাদে) ১০৪ জন, ঢাকা মেট্রোপলিটনের হাসপাতালে ১১৩ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৩৯ জন মহিলা। এছাড়াও, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২,৮১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, শুধুমাত্র জুলাই মাসেই ১০,০০০ এরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্তব্য করুন