
সাভার (ঢাকা): আশুলিয়ায় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা, গাঁজা এবং ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে।
ডাকাত দলের সদস্যদের সোমবার (১৮ আগস্ট) সকালে থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে, আজ সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী লেনের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কবরস্থান রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকার ধামরাই উপজেলার বেনিয়া এলাকার মৃত ইয়াসিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) এবং নরসিংদী জেলার বেলাপুর থানার চর উজলাবর এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. কাওসার (২৯)।
ভোরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ-বাইপায়িল এলাকায় জামগড় সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা, মাদক ও গাঁজাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, যৌথ বাহিনী সকালে ডাকাত দলের তিন সদস্যকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন