
মেট্রো নিউজ,
ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ আগস্ট ২০২৫:
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী ও শিক্ষকগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-কে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত “আবেদ-হামিদ-মায়েদ পরিষদ”-এর নির্বাচনী প্রচারণা।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্যানেলের প্রার্থী ও নেতৃবৃন্দ। এ সময় তারা ৭১-এর চেতনায় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্যানেলের প্রধান ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান বলেন, “আমরা শহীদদের আদর্শ বুকে ধারণ করে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও অংশগ্রহণমূলক ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রচারণার অংশ হিসেবে তারা হলে হলে মতবিনিময় সভা ও ছাত্রসংলাপ আয়োজনের ঘোষণাও দেন।
মন্তব্য করুন