
রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা আবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও গণসমাবেশ করেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের সার্ক ফাউন্টেন এলাকায় জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ান বাজার এবং আশেপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা জানান, মালয়েশিয়া কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ৩১ মে, ২০২৪ তারিখের মধ্যে ভ্রমণ করতে না পারা ১৭,০০০ শ্রমিকের মধ্যে তারাও ছিলেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শ্রমিক মো. কাওসার বলেন, ২০২৪ সালের মে মাসের মধ্যে আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখনও যেতে পারিনি। ৫-৬ লক্ষ টাকা খরচ হয়েছে, যার বেশিরভাগই ঋণ।
বিক্ষোভের নেতৃত্বদানকারী মাইন উদ্দিন বাবু বলেন, “আমরা নিঃস্ব হয়ে পড়েছি। সরকার আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু বাস্তবে কোনও অগ্রগতি হয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।”
বিক্ষোভকারীরা পাঁচটি দাবি উত্থাপন করে:
১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।
২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।
৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।
৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।
৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।
মন্তব্য করুন