
আগামী বছর পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজান মাসের আগে ২১ জানুয়ারি (প্রথম ধাপ) ও ৪ ফেব্রুয়ারি (দ্বিতীয় ধাপ) এবং রমজানের পরে ২৯ এপ্রিল (তৃতীয় ধাপ), ১৩ মে (চতুর্থ ধাপ) ও ২৭ মে (পঞ্চম ধাপ) ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত বৈঠকের পর সোমবার (১২ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেন।
তিনি আরও জানান যে, সব জেলায় একযোগে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনের অন্তত ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণার প্রস্তুতি নেবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক বৈঠকের মাধ্যমে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আগামী বছরের ৬ জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার বিষয়ে কমিশনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
এদিকে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য মোট ৪২টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতীকগুলো প্রকাশ করা হয়।
মন্তব্য করুন