
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বজায় রাখতে রবিবার সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ, নিরাপত্তা দল) যথারীতি চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বিকেলে বলেন, ‘সন্ধ্যা ৭টার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।’
মন্তব্য করুন