
বাংলাদেশ সেনাবাহিনীর পদোন্নতি ও জনবল ব্যবস্থাপনা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পেশাদারিত্ব, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্ব নির্বাচন এবং বাহিনীর সক্ষমতা আরও জোরদারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি কমান্ডার সিলেকশন বোর্ড-২০২৬’-এর উদ্বোধন করেছেন।
রবিবার (২৬ জুলাই) সকালে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনাবাহিনীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনার প্রক্রিয়া শুরু হলো।
উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী প্রথমে বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। একই সাথে তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বিশেষভাবে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের অবদানের কথা উল্লেখ করে বলেন, জাতি তাদের আত্মত্যাগকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি পার্বত্য চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত সেনা সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। সুতরাং, এ ব্যাপারে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। তিনি যোগ্য কর্মকর্তাদের মূল্যায়নের ক্ষেত্রে তাদের পেশাগত যোগ্যতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সার্বিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়ার জন্য নির্বাচন বোর্ডের সদস্যদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবদানের জন্য প্রধানমন্ত্রী সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পদ্মা সেতু প্রসঙ্গে
এর আগে, প্রধানমন্ত্রী সেনা সদর দপ্তরে পৌঁছালে সেনাপ্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) তাঁকে স্বাগত জানান। ব্যস্ত সময়সূচী সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং পদোন্নতি বোর্ড উদ্বোধন করার জন্য সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, পিএসসি, জি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে একটি ফটো সেশনে অংশ নেন এবং ভিজিটরস বুকে তাঁর মন্তব্য লিপিবদ্ধ করেন।
মন্তব্য করুন