
সবুজ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে প্রাথমিক শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে একটি গাছের চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন। এ সময় তিনি অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি শিক্ষার্থীদের গাছ লাগানোর আহ্বান জানান।
উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “ছোট্ট বন্ধুরা, তোমরা প্রতি বছর একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। সেটা তোমাদের স্কুলে হোক বা বাড়ির চারপাশে। যেখানেই তোমাদের মনে হবে, সেখানেই একটি গাছ লাগাও। তোমরা ইন্টারনেটে বিভিন্নভাবে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করবে, যেমন—একটি গাছ কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, সেই গাছটি মানুষের জন্য কী কী উপকার বয়ে আনে।”
তারিক রহমান বলেন, “এভাবে আপনারা প্রতি বছর একটি গাছ সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন। স্কুলে লাগানো গাছটি বড় হলে আপনাদের ছায়া দেবে। ক্লান্ত হলে সেই গাছের নিচে বিশ্রাম নিতে পারবেন। একইভাবে, বাড়িতে গাছ লাগালে, গাছটি বড় হলে সুন্দর বাতাস বইবে।” বাড়িতে বসেই সেই বাতাস উপভোগ করতে পারবেন। পরিবেশ আরও শীতল হবে।
প্রধানমন্ত্রী বলেন, আজ একটি স্মরণীয় দিন। আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে অনেক গাছ লাগিয়েছি।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জীবন ও প্রকৃতি নিয়ে শিশু ও শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন