
রাষ্ট্রপতি নির্বাচনের আগে ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্যরা একটি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে।
এই সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।
আগামীকাল, বৃহস্পতিবার, দুপুর ২টা থেকে সংসদ অধিবেশন হলে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে এবং তা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
৩৫ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর প্রার্থী হলেন জামায়াতসহ ১১ দলের ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য।
সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বিএনপির প্রার্থী ছিলেন আবদুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।
একাদশ রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করে আবদুর রহমান বিশ্বাস একাদশ রাষ্ট্রপতি হন। তিনি ১৭২ ভোট পেয়েছিলেন।
মন্তব্য করুন