
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে, যা সেপ্টেম্বরে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে।
লিওনেল মেসি দলে থাকলেও, কোচ লিওনেল স্কালোনি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজকে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।
প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পাওয়া এই স্ট্রাইকার এই মৌসুমে পালমেইরাসের সেরা খেলোয়াড়দের একজন। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ৪২ ম্যাচে ১৫ গোল করেছেন।
এদিকে, দীর্ঘ অনুপস্থিতির পর আক্রমণাত্মক মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বোনি দলে ফিরেছেন। জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া এনজো ফার্নান্দেজকে দলে রাখা হয়নি। পাওলো দিবালাকেও এবার দলে ডাকা হয়নি।
আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। দলটি ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর, ৯ সেপ্টেম্বর স্কালোনির দল ইকুয়েডরের বিপক্ষে খেলবে।
মন্তব্য করুন